দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে যশোরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশনের (ইকো) সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা আমান বাংলাদেশের বাস্তবায়নে এ শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। অনুষ্ঠানে যশোর-খুলনা-সাতক্ষীরার বিভিন্ন সরকারি মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়পড়ুয়া ৫৩ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ১৪ হাজার টাকার বৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস।
যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে
ও বণিক বার্তার যশোর প্রতিনিধি আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের প্রভাষক ডা. আলাউদ্দিন আল মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ, সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শিক্ষা বিস্তার ও উন্নয়নে ইকো এবং আমান যৌথভাবে সাধারণ ও কারিগরি শিক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ করে দিয়ে তাদের নতুনভাবে বড় হওয়ার যে স্বপ্ন দেখাচ্ছে তা অভাবনীয় এবং প্রশংসার দাবিদার। দেশের সব বিত্তবান ও সংস্থাগুলোকেও এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক গ্রহণকালে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদার রহমান স্মৃতিচারণ করে বলেন, সংসার চালাতে কৃষিজীবী বাবাকে অনেক কষ্ট করতে হয়। সেখানে আমি ও আমার বোন পৃথক দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। অনেক সময় টিউশনি করে নিজের পড়াশোনাসহ বাড়ির সংসারও চালাতে হয়। যবিপ্রবিতে অধ্যয়নকালে ইকো সংস্থা আমাকে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এতে আমার পড়াশোনার পথ সুগম করেছে তারা। যশোর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না তাসমিম বলেন, বাবা একটি মাদ্রাসায় শিক্ষকতাকালীন স্ট্রোক করেন। এর পরই বাবার চিকিৎসা আর আমার পড়াশোনা ব্যাহত হয়। ইকোর শিক্ষাবৃত্তি আমার উচ্চশিক্ষার পথ সুগম করেছে। আমি এখন ভালোভাবে পড়াশোনা করতে পারছি। আমেরিকাভিত্তিক সেবা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ম্যাস এডভান্সম্যান্ট নেটওয়ার্কের (আমান) সহযোগিতায় স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থা ইকো দীর্ঘদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। চলতি বছর সারা দেশে সংস্থাটি ২৫০ শিক্ষার্থীকে এককালীন অর্থ প্রদান করছে।










