জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের (৩৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের আবুল খায়েরের ছেলে। ভোমরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার দুপুরের দিকে ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা কোনা নামক স্থানে ফারুক হোসেনের মত্স্য ঘেরে জমি চাষ করছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন। তিনি নিজেই ট্রাক্টর চালাচ্ছিলেন। জমি চাষ শেষে বেড়িবাঁধে ওঠার সময় ট্রাক্টর উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান এখবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে সোহরাব হোসেনের মরদেহ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।