রাজধানীর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানবহন থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—

প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও গলা কেটে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে; কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে; ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।