বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড
সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি,
মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়
সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
আজ রোববার (১৫ সেপ্টেস্বর) রাষ্ট্রীয়
অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে ঢাকা
সফররত মার্কিন প্রতিনিধিদল এ বার্তা দিয়েছে।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া
পোস্টে যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, রাষ্ট্রীয়
অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো
লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ,
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার
সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে
প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকের পর আরেক পোস্টে যুক্তরাষ্ট্র
দূতাবাস বলেছে, বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির পথে
এগিয়ে যাওয়াকে আমরা পৃষ্ঠপোষকতা করব। এ লক্ষ্যে শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারকদের
সঙ্গে আলাপে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে
অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নকে
ঘিরে তাদের উদ্যোগ ও প্রচেষ্টাকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততার
বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।










