নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের পাঁচদিন পর এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে ফতুল্লার দাপার শৈলকুড়া এলাকার বুড়িগঙ্গা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাদতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ইয়াকুব আলী (৪৩) নামে নামে ওই ব্যক্তি কিশোরগঞ্জের নিকলি থানার বাটি ভাড়াটিয়া গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। তিনি ফতুল্লার দাপা শৈলকূড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
আজ রোববার বিকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে ইয়াকুব আলী নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। শনিবার রাতে নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধারের পর স্বজনরা সেটি ইয়াকুব আলীর বলে শনাক্ত করে।
স্বজনদের দাবি, টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ইয়াকুবকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।










