সাবেক অর্থমন্ত্রী ও ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেটে পৌঁছেছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নগরের হাফিজ কমপ্লেক্সে তাকে বহনকারী ফ্রিজার ভ্যান এসে পৌঁছায়। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মী এবং ভক্ত অনুরাগীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, মৃত্যুর খবর শোনার পর আবুল মাল আবদুল মুহিতের অসংখ্য ভক্ত-অনুরাগী ও সিলেটের বিভিন্ন পর্যায়ের সচেতন মানুষ হাফিজ কমপ্লেক্সে জড়ো হতে থাকেন। প্রিয় নেতার মরদেহের অপেক্ষায় রাত সাড়ে ৯টার দিকে ভিড় করতে শুরু করেন তারা।

রোববার জোহরের নামাজের পর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ ভাষা সৈনিকের অপর জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার বেলা ১১টায় ঢাকার গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।