সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকার সি-২৫ নম্বর বাসার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন রিপন দাস (৩০) ও তার স্ত্রী শিপা তালুকদার (২৭)। রিপন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে এবং শিপা সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে। তারা সিলেটের পল্লবী আবাসিক এলাকার ধীরেন্দ্র দের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তাদের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরের ভেতর থেকে তাদের শিশুর কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন বাড়ির অন্যরা। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। সকাল ১১টায় পুলিশ এসে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’
কিন্তু এ চিরকুটটি রিপন নাকি শিপা লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আর কোন ‘পাপের’
কথা এখানে লেখা হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘সকাল ১১টার দিকে আমরা খবর পাই। তারপর ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গিয়েছে।









