আরিফুল ইসলাম আদীবকে প্রধান করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে এ রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে।

লিয়াজোঁ কমিটিতে সদস্য হিসেবে আছেন নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে কাজ করবেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। আরিফুল পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়াজোঁ কমিটির সদস্য ছিলেন। বিগত রাজনৈতিক পরিমন্ডলে ২০২৩ সালে ছাত্রদল, ছাত্রপরিষদসহ ১৬ সংগঠনের সমন্বয়ে গঠিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ছিলেন। বিগত সময়ে ‘সিভিল সোসাইটি নেটওয়ার্ক’ নামে বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট ও পেশাজীবীদের নিয়ে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদলিপি ও বিবৃতি সমন্বয় করতেন। ২০২১-২০২৪ সালে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরিফুল ইসলাম আদীব বলেন, এনসিপির রাজনৈতিক উদ্যোগ কর্মসূচি যেমন আওয়ামী লীগের বিচার, মৌলিক সংস্কার, আহতদের চিকিৎসা ইত্যাদি বিষয়ে সব রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা। জাতীয় ইস্যুতে ঐকমত্যের জন্য উদ্যোগ গ্রহণ করা।