ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মৃত ফাতেমা বেগম (৪) উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ও জান্নাত (৪) একই এলাকার কাশেম মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাত-ফুফাত বোন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পাশেই ইঁদুরের গর্তের মুখে রাখা বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলে তারা। পরে তারা অচেতন হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়। অপর শিশু মারা যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।


দুই শিশুর মৃত্যুর খবর শুনেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। লাশদুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।