নতুন বাংলাদেশ তৈরি করতে হলে আত্মত্যাগীদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী মির্জা ফখরুল। মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেক ছেলেকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হলে এ আত্মত্যাগীদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে হবে। তাদের ত্যাগকে সত্যিকার অর্থে কাজে লাগাতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক দূর এগিয়েছি আমরা। আরো অনেক দূর এগুতে হবে।’
এ সময় তিনি ঢাকা কলেজকে নিয়ে বলতে গিয়ে কলেজটির ঐতিহ্য তুলে ধরে বলেন, ‘আমার বিশ্বাস ঢাকা কলেজ অনেক সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। মেধার ক্ষেত্রেও ঢাকা কলেজের নেতৃত্ব দেয়ার সময় এসেছে।’
দিনব্যাপী এ অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী, অনুষ্ঠানের আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলনের চেয়ারম্যান জুনায়েদ সাকিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।










