সিরাজগঞ্জের এনায়েতপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। নিহত পরিছন নেছা (৫৫) আড়কান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী।

গতকাল বুধবার দিবাগত রাতে এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের তাঁত ব্যবসায়ী আফসার তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কাজ করছিলেন। 

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দারেশ আলী জানান, পরিছন নেছা প্রায় চার বছর ধরে আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।  বুধবার রাতে তিনি রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। রাতেই তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিত্সকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে এমন মৃত্যু এলাকাজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 

এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।