যশোর বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) এখন কর্মকর্তার বাসভবনে পরিণত হয়েছে। সেবা কেন্দ্রটির সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক সেখানে রেখেছেন ডিপ ফ্রিজ, ফ্রিজ ও খাট। তার অফিস কক্ষে যত্রতত্র পড়ে রয়েছে জামাকাপড়। এ বিষয়ে এরই মধ্যে তাকে মন্ত্রণালয় থেকে শোকজ করা হয়েছে।
সরেজমিন অফিসটিতে গিয়ে দেখা যায়, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাশে নিচে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এর পেছনে রয়েছে বঙ্গবন্ধুর ছবি। অফিসটির পিয়ন ব্যস্ত থাকেন কর্মকর্তার দুপুরের খাবার রান্না নিয়ে। অফিস কক্ষে গ্যাসে রান্না করায় রয়েছে চরম নিরাপত্তাঝুঁকি। অফিসটিতে কয়েকদিন গিয়ে ইনচার্জকে পাওয়া যায়নি। পরে তাকে ফোন দিলে তিনি অফিসে আসেন।
বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র সূত্রে জানা গেছে, এখানে উদ্যোক্তাদের প্রশক্ষিণ দেয়া হয়েছে। বছরে ৪৫টি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মূলত দক্ষতা, মার্কেটিং ও পণ্যের গুণগত মান নিয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ চলে। বাকি সময়ে কর্মকর্তাদের কোনো কাজ থাকে না। যে কারণে সরকারি অফিসটি এখন বাসা-বাড়িতে পরিণত হয়েছে। সেখানে সেন্টার ইনচার্জ নিজে রাতযাপন করেন। রয়েছে তার আসবাব ও ইলেকট্রনিকস জিনিসপত্র। সরকার তার বেতনের সঙ্গে ৪০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান করে। অথচ তিনি অফিস কক্ষেই থাকেন।
তবে সেবা কেন্দ্রটির ইনচার্জ মোহাম্মদ দিদারুল হকের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। তিনি অফিসের রান্নাঘরের মধ্যে নিচে ফেলে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। যার ভিডিও চিত্র ও স্টিল ছবি রয়েছে সাংবাদকিদের কাছে। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বললে তিনি জানান, পুরনো ছবি নিচে রেখেছি। বিষয়টি তার প্রধান কার্যালয় দেখবে।
এ ব্যাপারে জেডিপিসির প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিষয়টি আমাদের নির্বাহী পরিচালক অবগত। এরই মধ্যে তাকে শোকজ করা হয়েছে। কেননা পুরনো ছবি হলেও প্রধানমন্ত্রীর ছবি নিচে ফেলে রাখা যায় না। এটি গুরুতর অপরাধ। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক রেখা রানী বালো বলেন, বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র যশোরের ইনচার্জকে অফিসে রাতযাপন ও প্রধানমন্ত্রীর ছবি নিচে ফেলে রাখার ঘটনায় শোকজ করা হয়েছে। তাকে শাস্তির আওতায় আনা হবে।










