নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগ। 

উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর উপজেলার কুড়িপাড়ার বটতলা, চাপাতলি, কুড়িপাড়া চৌরাস্তা ও ইস্পাহানি বাজার এলাকায় বিভিন্ন বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় আনুমানিক ৬ হাজার বাড়ির প্রায় ৮ হাজার অবৈধ চুলো গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অভিযানে চারটি স্থান থেকে দুই ও তিন ইঞ্চি ২০ ফুট অবৈধ পাইপ জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরা। তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী মো. রফিকুজ্জামান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদসস্যরা।