সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদে ট্রলারডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও গতকাল বিকাল পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিখোঁজ শ্রমিকরা হলেন আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বাবর আলী সরদার (৪৫), শফিকুল ইসলাম (৪৮) ও পুইজালা গ্রামের আব্দুল আজিজ (৫২)।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কপোতাক্ষ নদে ৩৬ ঘণ্টা একটানা চেষ্টা করেও নিখোঁজ শ্রমিকদের জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেননি। তার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য সচিব করা হয়েছে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। এছাড়া অন্য সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড, আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও প্রতাবনগর ইউপি চেয়ারম্যান।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে কপোতাক্ষ নদীর শ্রীউলা ঘাট থেকে ১২ জন শ্রমিক একটি ট্রলারে করে কুড়িকাউনিয়া এলাকায় নদীর বেড়িবাঁধ মেরামতের জন্য যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রলারটি শ্রীপুর এলাকায় পৌঁছলে তীব্র স্রোতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয়জন সাঁতার কেটে তীরে এলেও অন্য তিন শ্রমিক স্রোতের তোড়ে নিখোঁজ হন।