দেশের জনশক্তি প্রেরণের খাতকে সিন্ডিকেটমুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নেতারা। শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, বায়রার সিন্ডিকেটের মূল হোতা হলেন রুহুল আমিন স্বপন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, বেনজীর আহমেদ, মহিউদ্দিন মহি এবং কাজী মফিজুর রহমান। তাদের অনিয়ম ও টাকা পাচারের কারণে দেশের শ্রমবাজার ধ্বংসের মুখে। বিশেষ করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে তাদের দুর্নীতির জন্য।

তিনি আরো জানান, বৈদেশিক কর্মসংস্থান খাত দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা আহরণের খাত। এ খাত থেকে প্রতি বছর ২২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। কিন্তু সিন্ডিকেটের কারণে খাতটি বারবার সংকটে পড়ছে। তাদের কারণে মালয়েশিয়ার ৫০ হাজার ডিমান্ডের বিপরীতে ১৭ হাজার অনুমোদিত কর্মীও চূড়ান্তভাবে যেতে পারেনি।

শ্রমিকদের অর্থ ফেরত প্রসঙ্গে রিয়াজ উল ইসলাম বলেন, যারা শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাদেরকেই তা ফেরত দিতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, রক্ত দিয়ে হলেও আমরা বায়রাকে সিন্ডিকেটমুক্ত করব। সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।