ঝিনাইদহে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে গত মঙ্গলবার থেকে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় গত তিনদিনে ৬০ জনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার থেকে গতকাল সকাল পর্যন্ত শহরের পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরি, এসএম রকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ৬০ জনকে ৩২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহার করতে প্রচারণা চালানো হচ্ছে।










