নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশী ভোটারদের জন্য বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থিতা বাতিলেরও সমালোচনা করেছে দলটি।
গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে এ আপত্তির কথা জানিয়েছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে প্রবাসীদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে উদ্দেশ্যমূল্যকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক উদ্দেশ্যমূলকভাবে প্রথম লাইনে দেয়া হয়েছে। বিএনপির নাম প্রতীক মাঝে দেয়া হয়েছে। ভাঁজ করলে কারো নজরেই পড়বে না। এটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছি আমরা।
বাহরাইনে কিছু লোক পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে, এমন একটি ভাইরাল ভিডিওর বিষয়ে বিএনপির দিক থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘আইন অনুযায়ী দ্বৈত নাগরিক যারা ছিলেন তাদের হলফনামায় জানানোর নিয়ম আছে যে সেটি তারা পরিত্যাগ করেছেন। সংবিধানে বলা রয়েছে যদি নাগরিকত্ব ত্যাগ করে তাহলে নির্বাচনের জন্য যোগ্য হবে। আরপিও অনুযায়ী হলফনামায় বলতে হয় যে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছি। জটিলতা সৃষ্টি হয় এমন কিছু না করার অনুরোধ জানিয়েছি। গত ১৫ বছরে নানা কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা ফিরে এসেছেন। তাদের নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না।’










