নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ট্রাক চাপায় আসিফ ইকবাল হৃদয় (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আসিফ মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।

আজ শুক্রবার দুপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের উত্তর কাশীপুরের মুসকান মটরসের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী। এ ঘটনায় সাব্বির (২২) নামে আরেক আরোহী আহত হয়েছেন। নিহত কলেজছাত্র মুন্সীগঞ্জ সদরের কাটাখালি এলাকার মৃত তোফাজ্জল হোসেন পিন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ ও তার বন্ধু মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিলেন। ফতুল্লার উত্তর কাশীপুর এলাকায় রাস্তার পাশের দেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় আসিফ ও তার বন্ধু ছিটকে রাস্তায় পড়ে যান। তখন পেছন থেকে আসা শাহ সিমেন্ট কারখানার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-২৪৫৭) আসিফকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত অবস্থায় সাব্বিরকে হাসপাতালে নেয়া হয়। এ সময় স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ চৌধুরী জানান, ট্রাকটি জব্দের পাশাপাশি চালক আব্দুর রহিম শেখকে (২২) আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আটক রহিম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর থানার চাতরা গ্রামের লিয়াকত আলী শেখের পুত্র বলে জানায় পুলিশ।