ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করলেন বরিশাল জেলা থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ। তিনি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসাবে গতকাল সোমবার বিকালে যোগদান করেন। এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন আনোয়ার সাঈদ। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।
এর আগে তিনি পুলিশ হেডকোয়াটার্স, রাজশাহী মেট্রো পলিটন ও সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করেছেন। এরই মাঝে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে মিশন শেষে দেশে ফেরেন। পরে বরিশাল জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে ঝিনাইদহে যোগদান করলেন।
নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে আনোয়ার সাঈদ সাংবাদিকদের বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের (পিপিএম) নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাব।










