নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে একটি দোকানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহিত হয়েছেন৷
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে সাত তলা ভবনের নিচতলার ওই দোকানটিতে অগ্নি নির্বাপণ যন্ত্র তৈরিসহ, সিএনজিচালিত থ্রি হুইলার ও মোটর গাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন রফিকুল ইসলাম। আজ দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার মাথা ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা৷
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ কুন্ডু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত ব্যক্তির নাম পাওয়া গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি৷ ঘটনার তদন্ত চলছে৷










