লক্ষ্মীপুরে কাউছার নামের ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর মা স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাউছার স্থানীয় পিকআপভ্যান চালক মো. রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র। শিশুটির মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা বলছেন, ১০ টাকার জন্য মায়ের কাছে বায়না করেছিল শিশুটি। বিরক্ত হয়েই স্বপ্না শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
নিহতের চাচা মঞ্জু মিয়ার দাবি, গাড়ি চালানোর কাজে বেশীর ভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। এ সুযোগে এলাকায় ‘উচ্ছৃঙ্খল জীবনযাপন’ করতেন স্বপ্না। এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে আরেকটি সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, স্বপ্নার স্বামীর দ্বিতীয় বিয়ে ও পারিবারিক অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরেই কলহ-বিবাদ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকার জন্য বায়না করে। এতে স্বপ্না ক্ষিপ্ত হয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে।
তিনি জানান, শিশুটিকে হত্যার পর ওড়না কেটে তা দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে স্বপ্না। শিশুটি আত্মহত্যা করেছে বলে অপপ্রচারও চালায়। পরে খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে তার মাসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে মা স্বপ্না শিশুকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।










