বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদী থেকে ভারতের কাছ থেকে আমাদের পাওনা বুঝে নেয়া হবে। আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।’
গতকাল সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে পরে মাঠের পরিস্থিতি বোঝা যাবে।’ অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইন-শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সব রকম পদক্ষেপ নেয়া হবে।’
বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। এ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে দেশকে অপমান করা হয়েছে। আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’ তিনি আরো বলেন, ‘আমি আগে ক্রিকেট খেলতাম ও বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।’










