কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ ইউনুস নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
গতকাল বেলা ২টার দিকে উখিয়া চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলি হয় বলে দাবি ক্যাম্পের বাসিন্দাদের। মোহাম্মদ ইউনুস কুতুপালং চার নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নূর মুহাম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, গতকাল দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর লোকজন অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মোহাম্মদ ইউনুস নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো চার-পাঁচজন আহত হয়েছেন। তাদের আইএমও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে খোঁজখবর নেয়া হচ্ছে। নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










