নারাণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। আজ সকাল ১০টায় সুমিলপাড়ায় অবস্থিত মুনলাক্স কম্পোজিট নিট লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা পোশাক কারখানার কাচ ভাংচুর এবং জিএমসহ কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। পরে শিল্পাঞ্চল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা জানান, গত রোববার রাতে কারখানার অপারেটর আমিনুল ইসলামকে ছাঁটাই করে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে ছাঁটাইয়ের প্রতিবাদ জানান। তারা ওই শ্রমিককে চাকরিতে পুনরায় বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা ছাঁটাইয়ের আদেশ প্রত্যাহারের জন্য প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুনকে অনুরোধ করেন। কিন্তু তিনি ছাঁটাইয়ের আদেশ প্রত্যাহার না করে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার অফিস কক্ষ, ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ ও কনফারেন্স কক্ষের কাচ ভাংচুর করেন। পরে গার্মেন্টসের জিএম মনির হোসেনসহ বেশ কয়েকজনকে মারধর করেন তারা। আহত মনির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গার্মেন্টসের মালিক মহিউদ্দিন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যাপক ভাংচুর চালিয়েছেন। ওই শ্রমিক স্বেচ্ছায় চলতি মাসের পর চাকরি করবে না বলে আমাদের জানিয়েছিলেন। তাই আমরা তার পাওনা পরিশোধ করে অব্যাহতি দিয়েছি। কিন্তু শ্রমিকরা সেটা না বুঝেই হামলা চালান।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সৈকত শাহীন জানান, এক শ্রমিককে ছাঁটাইয়ের পরিপ্রেক্ষিতে কারখানায় ভাংচুর ও কর্মকর্তাদের মারধর করেছেন শ্রমিকরা। ওই ছাঁটাইকৃত শ্রমিক তাদের নেতা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।









