লক্ষ্মীপুরে প্রকাশ্যে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে সুজন ও হীরণ নামে দুই যুবককে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ওই কিশোরীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পাঁচ ব্যক্তির নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে শুক্রবার বিকালে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া পাকা সড়কের মাথায় নজির আহাম্মদের বাড়ির সামনে প্রকাশ্যে এক কিশোরীকে যৌন নিপীড়ন করে অভিযুক্ত পাঁচ যুবক। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সুজন ও হীরণকে গ্রেফতার করে। অন্য তিন আসামি পালিয়ে যায়।









