নির্বাচনে অংশগ্রহণ ছাড়া ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন, বিএনপির জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, শ্রীলংকার পতন ইস্যু নিয়ে বিএনপি আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আন্দোলনের হুমকি দিচ্ছে। এসব হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। মাথায় রাখতে হবে—এটা বাংলাদেশ, শ্রীলংকা নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ নেই। রাজনীতি করেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন।

গতকাল দুপুরে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।