বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে।

গতকাল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা ঘাট এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ সরকারের অবস্থা এতটাই দেউলিয়া হয়েছে যে র্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা তোলার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চায়। কিন্তু এ গুম-খুন-হত্যার নির্দেশদাতারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চায়। এ সরকারকে ধিক্কার জানাই।

তিনি আরো বলেন, এ সরকার সংবিধান পাশ কাটিয়ে ঠিক বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, গণতন্ত্রের লেবাস ধরে একদলীয় শাসন চালু করেছে। বিরোধী দলকে দমন করার জন্য ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে এ সরকার। মানবাধিকার লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্র সরকার গুম-খুন-হত্যার সঙ্গে যারা জড়িত এমন আটজনের বিরুদ্ধে আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। আর সেই নিষেধাজ্ঞা তোলার জন্য সরকার নানা জায়গায় ধরণা দিয়ে চলছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের সিন্ডিকেটের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বছরের তিন থেকে চারবার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আরো বাড়ছে, যা মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে।