শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তারা তিনজনই বহিরাগত। পুলিশের দাবি এরা চিহ্নিত অপরাধী। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতার তিনজনকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের জানান, বহিরাগত তিনজনকে সোমবার রাতে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তারা এর আগে বিভিন্ন সময় নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি বলেন, ব্যক্তিগত কোনো আক্রোশ, ছিনতাই না অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।










