ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মো. গোলজার হোসেন (৬৯) নামে সাবেক এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে তিনি মারা যান। এনিয়ে ঝিনাইদহে করোনায় ৩০ জনের মৃত্যু হলো। এদিকে মঙ্গলবার জেলায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ১৬৫২ জন আক্রান্ত হলেন। 

মো. গোলজার হোসেন শহরের আদর্শপাড়ার ইলাহী বিশ্বাসের ছেলে। তিনি কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট পদে চাকরি থেকে অবসর নেন।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, সাবেক কাস্টম সুপার গোলজার হোসেন বেশ কিছু দিন জটিল রোগে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে তাকে গত ২৪ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার জন্য ২৫ আগস্ট নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। শারিরীক অবস্থা অবনতি হলে ২৭ আগস্ট ঝিনাইদহ কভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে লাশ দাফন কমিটি মঙ্গলবার দুপুরে তার মরদেহ দাফন করা হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৫১ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তিকে মরদেহ দাফন করেছে।