নরসিংদীর পশ্চিম কান্দাপাড়া এলাকা থেকে এনজিওকর্মীর হাতের কবজি কেটে আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত বুধবার রাত ৩টার দিকে মাধবধী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা, ছিনতাই কাজে ব্যবহূত একটি গেঞ্জি, একটি ক্যাপ ও ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গতকাল বেলা ২টায় র্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল মিয়া (২৬), আব্দুল
বাদশা মিয়া (২২), সহযোগী
মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)।
খন্দকার সাইফুল আলম জানান, মঙ্গলবার দুপুরে এনজিওকর্মী শান্তা আক্তার (৩১) নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকা থেকে ঋণের কিস্তির ২ লাখ ৬৩ হাজার টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন। এ সময় গ্রেফতারকৃত আসামি মো. রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া পূর্বপরিকল্পনা অনুযায়ী পশ্চিম কান্দাপাড়ার সরকারি মহিলা কলেজের সামনে রিকশার গতিরোধ করে। ওই এনজিওকর্মীর টাকাভর্তি ভ্যানিটি ব্যাগ রুবেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় এনজিওকর্মী তার টাকার ব্যাগটি ধরে রাখতে চাইলে রুবেলের সহযোগী বাদশা তার হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে এনজিওকর্মীর বাম হাতের কব্জি কেটে ফেলে। পরে তার টাকাভর্তি ব্যাগটি ছিনতাই করে কৌশলে পালিয়ে নরসিংদী সদর ব্রাহ্মণপাড়ায় রুবেলের শ্বশুর বাড়িতে আত্মগোপন করে। ব্যাগ থেকে এনজিওকর্মীর ভ্যানিটি ব্যাগটি আগুনে পুড়িয়ে ফেলে।
এ ঘটনায় আশা এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার ইসমাইল শিকদার বাদী হয়ে নরসিংদীর সদর মডেল থানায় একটি মামলা করেন।










