দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে আজ  রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আজ এ কথা বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক পৃথক বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার  অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব  দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, দেশের অন্যত্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে গতকাল শনিবার প্রকাশিত পৃথক বুলেটিনে আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।