সিলেটের ব্যবসায়ীদের দাবির মুখে গরু ও ছাগলের মাংসের দাম পুনঃনির্ধারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। দুই ধরনের মাংসের দামই ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। আজ শুক্রবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে নতুন এ দাম ঘোষণা করা হয়।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরী এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা ও ছাগলের মাংসের কেজি ৮০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়। তবে খাসির মাংসের আগের দামই রাখা হয়েছে।
এর আগে রমজান উপলক্ষে গত ২৯ মার্চ এক বৈঠকে সিলেট নগরীতে গরু, ছাগল ও খাসির মাংসের দাম নির্ধারণ করে দেয় সিসিক। এতে গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, ছাগলের মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ৮৫০ টাকায় বিক্রি করতে বলা হয় ব্যবসায়ীদের। তবে সিসিক নির্ধারিত এ মূল্যে আপত্তি জানান সিলেটের ব্যবসায়ীরা। মাংসের দাম বাড়ানোর দাবিতে গত ৭ এপ্রিল থেকে সিলেটের সব মাংসের দোকানে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দেন। চারদিন পর গত ১০ এপ্রিল রাতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক হয় মাংস ব্যবসায়ীদের। সভায় দাম বাড়ানোর আশ্বাসে পরদিন ১১ এপ্রিল থেকে নগরীতে মাংস বিক্রি শুরু করেন তারা।










