যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ২০২২-২৩ অর্থবছরে মেডিকেল সার্জিক্যাল রিকোজিটের (এমএসআর)
৮ কোটি ৫০ লাখ টাকার দরপত্র জমাদানে ঠিকাদারকে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সকালে শহরের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হত্যাসহ একাধিক মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন ও যুবলীগ নেতা শাহজাহান কবীর শিপলুর নেতৃত্বে ঠিকাদারদের সিডিউল ছিনতাই করে তারা দরপত্র দাখিল করেন। পুলিশের উপস্থিতিতে এ ঘটনা সংঘটিত হলেও তারা ছিল নীরব। বিষয়টি ঠিকাদাররা হাসপাতালের তত্ত্বাবধায়ককে লিখিতভাবে অভিযোগ করেছেন।
মাগুরার ঠিকাদার আজিজুল হক জানান, গতকাল ছিল যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এমএসআরের দরপত্র জমাদানের শেষ দিন। এ দিন মামুন ড্রাগস ও অপরাজিতা ড্রাগসের নামে ১২টি সিডিউল জমাদান দিতে গেলে পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। তার সিডিউল ছিনিয়ে নিয়ে আমাদের মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে বিষয়টি আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ককে লিখিতভাবে জানিয়েছি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল সকাল ৯টা-১১টা পর্যন্ত চলে হাসপাতালের দরপত্র দাখিলের কার্যক্রম। ২০২২-২৩ অর্থবছরের মেডিকেল সার্জিক্যাল রিকোজিটের (এমএসআর) সাড়ে ৮ কোটি টাকার দরপত্রের সিডিউল বিক্রি হয় ছয়টি গ্রুপে মোট ১৮১টি। কিন্তু সন্ত্রাসীদের প্রকাশ্য বাধার কারণে দরপত্র দাখিল হয়েছে মাত্র ১৩টি। এর মধ্যে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে দাখিল হয়েছে ছয়টি এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে দাখিল হয়েছে সাতটি দরপত্র।
যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুর রহমান তোতনের ছেলে শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের বাসিন্দা ঠিকাদার হাফিজুর রহমান শিলু ঢাকার প্রতিষ্ঠান মিটফোর্ড এলাকার বনানী মেডিকেল ও গোপীবাগ এলাকার আলেয়া করপোরেশন নামে দুটি লাইসেন্সে এসব দরপত্র জমা দিয়েছেন। তাদের প্রতিষ্ঠানের মোট ১৩টি দরপত্র জমা পড়েছে। অন্যদের দরপত্র জমা দিতে দেননি তিনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামান জানান, ভিডিওচিত্রে দরপত্র ছিনিয়ে নিতে দেখা গেছে। অভিযুক্ত জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন জানান, আমি হাসপাতালে দরপত্র দাখিল করতে গিয়েছিলাম। সেখানে কোনো বাধা দেয়ার ঘটনা ঘটেনি।
ঠিকাদার হাফিজুর রহমান শিলু অভিযোগ প্রসঙ্গে বলেন, আমি সিডিউল সংগ্রহ করিনি, জমা দেব কীভাবে। ঢাকার প্রতিষ্ঠানের নামে জমা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।










