দেশে ফেরার পর প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১-১৪ জানুয়ারি পর্যন্ত চারদিন তিনি টাঙ্গাইলসহ উত্তরের নয়টি জেলা সফর করবেন বলে দলের পক্ষ থেকে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, তারেক রহমান ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরবেন। পরদিন অর্থাৎ ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন।

এ সফরে তারেক রহমান মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করবেন। আহত জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশে দেয়া এক চিঠিতে বলা হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সব পদক্ষেপ নেয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।