বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল।’

গতকাল সকালে ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ক্যাপ্টেন আতাউর রহমান, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। সবার অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। আমরা চাই আপনারা সমাজের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেন, আপনারা নেতৃত্বে আসেন। মহিলাদের বলছি, সব জায়গায় আপনাদের আরো বেশি অংশ নিতে হবে, নেতৃত্বে আসতে হবে এবং আরো বেশি শক্তিশালী হতে হবে। টেকসই উন্নয়ন ও পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা সবাই এক, এ ব্যাপারে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না।’