আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্ট মার্টিন দ্বীপে তিনদিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত দ্বীপে জাহাজ চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ রাখা হবে দ্বীপের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজ।
কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গতকাল সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, সংশ্লিষ্ট যানবাহন মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনের নির্দেশিত বন্ধের দিনের আগের দিন অর্থাৎ ৬ জানুয়ারি এবং পরদিন ৮ জানুয়ারিও যান চলাচল বন্ধ রাখা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, সেন্ট মার্টিনে যেহেতু জাহাজ চলাচলের ওপর নির্ভর মানুষ আসা যাওয়া করে। তাই কোনো পর্যটক যাতে সেখানে অবস্থান না করে, এজন্য আপাতত জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। দ্বীপে ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত গণমাধ্যমকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতায়াত করতে পারবেন। নিষেধাজ্ঞা উঠে গেলে সব স্বাভাবিক চলবে।










