স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবেই মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচনবিরোধী, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

গতকাল বিকালে মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সালাহউদ্দিন।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন চায় না, সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি।’ আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘পতিত স্বৈরাচার নির্বাচনকে বানচাল করতে চায়। সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে।’

মোসাব্বিরের পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘মোসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারা জীবন যা কিছু প্রয়োজন তার সব দায়িত্ব আমরা দলীয়ভাবে নিয়েছি।’

গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।