নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে সে অনুযায়ী পুলিশ কাজ করবে; এই মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আরো বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে যে ব্যবস্থা নেয়া দরকার পুলিশ নেবে।

আজ শনিবার সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন করেন।

তিনি বলেন, বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়, এ ক্ষেত্রে পুলিশ সোচ্চার রয়েছে। এ ছাড়া প্রবাসে থেকে যারা দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল একসঙ্গে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ অন্যান্য কর্মকর্তারা।