কক্সবাজারের রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন৷
সোমবার (১৭ মার্চ) বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানের মালিক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ) বিকাল ৩টার দিকে উখিয়া থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজির কক্সবাজার যাওয়ার পথে পানেরছড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান রায়হান। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ৪ জন। রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি নাসির উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।










