লক্ষ্মীপুরে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের আউটলেটে (এজেন্ট ব্যাংকিং শাখায়) চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে সদর উপজেলার কালিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। চোরেরা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে দাবি সংশ্লিষ্টদের। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ থানায় লিখিতভাবে অভিযোগ করেনি বা কোনো মামলা হয়নি বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মমিনুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত মঙ্গলবার বিকেলে ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংকটির এজেন্ট শাখা বন্ধ করে তালা দিয়ে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকালে ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু করতে এজেন্ট শাখা ভবনের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলতে যান কর্মচারী হারুন উর রশিদ। এ সময় নতুন তালা ঝুলতে দেখে শাখার কর্মকর্তাদের জানান তিনি। পরে ব্যাংকটির লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ও কালিবাজার বণিক সমিতির সভাপতি-সেক্রেটারির উপস্থিতিতে তালা কেটে দ্বিতীয় তলার এজেন্ট শাখায় প্রবেশ করে দেখেন তালা ভাঙা, ভল্ট ভাঙা, চুরি হয়ে গেছে সিসি ক্যামেরাও।
ব্যাংকটির কর্মচারী হারুন উর রশিদ সবুজ জানান, গত রাতের কোনো একসময় চোরের দল ভবনের নিচতলার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি করেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক থানায় সাধারণ ডায়েরি করবেন।
বাজারের ব্যবসায়ী কাজী মহসিন বলেন, এ এজেন্ট শাখায় হাজার হাজার গ্রাহকের লাখ লাখ টাকা দেনদেন হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো সিকিউরিটি গার্ড নিয়োগ দেয়নি। এখন এ ধরনের অপ্রীতিকর ঘটনার দায়ভার কে নেবে?
কালিবাজার বণিক সমিতির সেক্রেটারি মো. মুরাদ হোসেন বলেন, সকালে এজেন্ট শাখার ব্যবস্থাপক কলাপসিবল গেটের নতুন তালার বিষয় জানালে ঘটনাস্থলে যাই। পরে আমাদের উপস্থিতিতেই নতুন তালাটি ভেঙে ভেতরে প্রবেশ করলে ব্যাংকের তালা ও ভল্ট ভাঙা দেখা যায়। বাজারে বণিক সমিতির দুজন নৈশপ্রহরী আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আইনি সহযোগিতা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি তদন্ত মো. মমিনুল হক বলেন, ব্যাংকে চুরির ঘটনাটি স্থানীয়ভাবে শুনেছি। তবে ব্যাংক কর্তৃপক্ষ থেকে থানায় কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুরে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এজেন্ট শাখায় চুরি