সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভুয়া ভাউচার দেখিয়ে ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে হাসপাতালটির সাবেক ত্বাবধায়ক ডা. শাহজাহান আলীসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, পিকচার আরকাইভিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম (প্যাকস) নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ যন্ত্রপাতি ক্রয়ের নামে ভুয়া বিল ভাউচার দিয়ে পরস্পরের যোগসাজশে সরকারি এই অর্থ আত্মসাত করেছেন তারা। 

বৃহস্পতিবার সকালে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদক খুলনা কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-৯, তারিখ-৩১-১০-২০১৯। 

এ মামলার অন্য আসামিরা হলেন, ঢাকাস্থ পুরানাপল্টন এলাকার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের  স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার, সেগুনবাগিচায় ওই একই নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহসান হাবীব, ঢাকার বেঙ্গল সাইন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দীন সরকার ও দিনাজপুরের ইউনিভার্সাল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্যাকস নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ যন্ত্রপাতি ক্রয়ের গত ২০১৭-১৮ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। এরপর ২০১৮-১৯ অর্থবছরে সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ যন্ত্রপাতি ক্রয়ের নামে ভুয়া বিল ভাউচার দিয়ে পরস্পরের যোগসাজশে সরকারের কাছ থেকে ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন।

এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ত্বাবধায়ক ডা. শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ০১৭..-৩...৯৬ নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। অন্য মাধ্যমে চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।