তীব্র গরমে আবারও বেঁকে গেছে ব্রাহ্মণবাড়িয়ার
দাড়িয়াপুর এলাকার রেললাইন। আজ শনিবার (২৯ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া
রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার একই স্থানে রেললাইন
বেঁকে গিয়ে একটি মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়। পরে ওই রুটে আপলাইনে ৩০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি
দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে স্টেশন মাস্টার জানান, আজ সকাল পৌনে
১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গেছে। সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি
তীব্র গরমে সেই লাইনটি আবার বাঁকা হয়ে গেছে। আপাতত এই লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল
বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে বৃহস্পতিবারের দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো.
আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা
বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন
জমা দিতে বলা হয়েছে।










