নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় প্রাপ্তি সিটি এবং প্যারাডাইস সিটিতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় এ দুটি আবাসিক এলাকার ৩০টি রাইজার খুলে ফেলা হয়।

তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পানি ফতুল্লা অঞ্চলের জোনাল ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোহাম্মদ ফারুক জানান, প্রাপ্তি সিটি ও প্যারাডাইস সিটিতে তিতাস গ্যাসের বৈধ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে প্রায় ২০০ চুলায় ব্যবহার করা হচ্ছিল। কতিপয় স্থানীয় ব্যক্তির যোগসাজশে এসব অবৈধ লাইন  র্দীঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন আবাসিক এলাকা দুটির বাসিন্দারা। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে দুপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়। দুটি সিটির অবৈধ গ্যাস সংযোগগুলো খুঁজে বের করে শতাধিক লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩০টি রাইজার খুলে নিয়ে আসা হয়। 

এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পনির ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার সফিকুল ইসলামসহ আরো অনেকে।