নারায়ণগঞ্জ নগরীর জল্লারপাড়া এলাকায় সিটি করপোরেশনের লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইমতিয়াজ আহমেদ (১৪) ও মিহাদ হোসেন (১৩)। গতকাল বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। শিশু দুটির বাড়ি পশ্চিম দেওভোগ এলাকায়।

স্থানীয়া ও পুলিশ জানায়, দুপুরে ফতুল্লা দেওভোগ মাদ্রাসাছাত্র  ইমতিয়াজ ও মিহাদ জল্লারপাড় লেকে গোসল করতে নামে। কিছুক্ষণ পর দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। ঘণ্টাখানেক পর মিহাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে স্বজনের কাছে খবর দেয়। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকেও। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লেকে তল্লাশি চালিয়ে ইমতিয়াজের মরদেহ উদ্ধার করেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, জল্লারপাড় সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমে সাঁতার না জানা দুই মাদ্রাসাছাত্র ডুবে মারা গেছে। ডুবুরিরা তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করেন।