গত ২০২১-২২ অর্থবছরে নারায়ণগঞ্জে ৭৮০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ বিষয়ে বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের আয়কর দাতা এবং ব্যবসায়ীদের আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়েছে।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে নারায়ণগঞ্জ জেলা, সিটি করপোরেশন ও মুন্সিগঞ্জসহ ২১ জন সেরা করদাতাদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিম ওসমান।

নারায়ণগঞ্জের কর অঞ্চলের কর কমিশনার শারমিন ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলিসহ অনেকেই।

সেলিম ওসমান বলেন, কর আদায় করতে হলে করদাতাদের উদ্বুদ্ধ করতে হবে। কর পদ্ধতি সহজ হলে আগামীতে ৭৮০ কোটি টাকা নয় নারায়ণগঞ্জ থেকে হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের মাইলফলক হবে।