অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। খসড়া ভোটার তালিকা প্রকাশ না করা এবং প্রকৃত
ক্লাবের নাম বাদ দেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এ বছরের
নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) অনলাইনে
দুই ঘণ্টাব্যাপী শুনানি শেষে এই আদেশ প্রদান করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার
পাশা।
ওই আদেশে বলা হয়, জেলা ক্রীড়া সংস্থার
নির্বাচনের ভুল তফসিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ না করা এবং আপত্তি ও শুনানির তারিখ
না রাখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ আদেশ দেন বিভাগীয় কমিশনার। তাছাড়া সরবরাহকৃত
ভোটার তালিকায় অনেক ক্লাব ও প্রতিনিধির নাম নাই বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতে
পৃথক ৩ টি মামলা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। অভিযোগের প্রেক্ষিতে
এই শুনানি করা হয়। শুনানিতে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া
পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
শুনানিতে বাদীর পক্ষে অংশ নেয় কক্সবাজার
ল চেম্বারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, আইনজীবী খালেদ আনোয়ার
ও আইনজীবী শহিদুল ইসলাম। এছাড়া বিবাদীর পক্ষেও কয়েকজন আইনজীবী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয়
ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জেলা ক্রীড়া
অফিসার মাঈন উদ্দিন মিলকি, অভিযোগকারী ন্যাশনাল কক্সবাজার ক্রীড়া সংস্থার সভাপতি করিম,
বাঁশকাটা খেলোয়াড় সমিতির সহসভাপতি আমির হোসাইন ও প্রত্যেক ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী
জানান, জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে ভোটার তালিকার বিরুদ্ধে আপিল করেন বাঁশকাটা খেলোয়াড়
সমিতি এবং ন্যাশনাল কক্সবাজার ক্রীড়া সংস্থা।










