সিলেটে বন্যার পানিতে নৌকাডুবিতে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। প্রায় ১৫ ঘণ্টায়ও সন্ধান পাওয়া যায়নি তাদের। গতকাল রোববার রাতে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের স্থানীয় খারইল বিলের মধ্যবর্তীস্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক জানান, নৌকায় করে রায়েরগাঁও থেকে কালারুকাবাড়ি ফিরছিলেন আটজন ব্যক্তি। গতকাল রাত ১০টার দিকে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে যায়। ছয়জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো দুই যাত্রী।
দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌকাটি উদ্ধার হলেও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।










