নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই দিনে দুইটি গ্যারেজ থেকে সাতটি অটোরিকশা চুরি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজার এলাকায় নজরুল মোল্লার গ্যারেজ থেকে তিনটি ও গত মঙ্গলবার দিবাগত রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকার কাশেমের গ্যারেজ থেকে চারটি অটোরিকশা চুরি হয়েছে। এ নিয়ে গত দুই দিনে উপজেলা থেকে সাতটি অটোরিকশা চুরির ঘটনা ঘটল।
কল্যান্দী এলাকার গ্যারেজ মালিক নজরুল মোল্লা জানান, তিনি তার গ্যারেজে বেশ কয়েকটি ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেন। তিনি প্রতিদিনের মতো বুধবার রাতেও গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে তালাবদ্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ৩টায় গ্যারেজে এসে দেখতে পান, গ্যারেজের তালা ভাঙ্গা এবং রাতের আধারে কে বা কারা তিনটি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। তার তিনটি অটোরিকশার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে তিনি জানান।
এর অগে মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দীঘলদী এলাকার কাশেমের অটোরিকশার গ্যারেজের তালা ভেঙ্গে একই কায়দায় চারটি অটোরিকশা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কাশেম জানান, তার চারটি অটোরিকশার মূল্য ৫ লক্ষ টাকা।
অটোরিকশা চুরির ঘটনায় নজরুল মোল্লা আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত করে অটোরিকশাগুলো উদ্ধার ও চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।










