বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সিলেটের ওসমানী বিমানবন্দরে তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটে দুটি ফ্লাইট সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। আবহাওয়া খারাপ হওয়ায় সে দুটি ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। এছাড়া আরো একটি ফ্লাইট বাতিল করা হয়।
বাংলাদেশ বিমানের সিলেটের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার জানান, সিত্রাংয়ের কারণে আবহাওয়া খারাপ। তাই রাতে সিলেট থেকে ঢাকা রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইট দুটি হচ্ছে- বিজি ৩০৫ ও বিজি ৬০৬। সর্বশেষ আরো একটি ফ্লাইট বাতিল করা হয় বলে জানান তিনি। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় অঞ্চলের কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।









