সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পৌর এলাকার মুকুন্দগাঁতী মধ্যপাড়া মহল্লার মৃত মনু বাসফোরের ছেলে হূদয় (৩৫) ও তার ছেলে বিশাল (১৭)।

বেলকুচি থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া বাগে জান্নাত জামে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিল হূদয় ও তার ছেলে বিশাল। বিকালের দিকে সেপটিক ট্যাংকের ভেতরে বিশাল কাজ করতে নামার পর থেকে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে ছেলেকে উদ্ধার করতে হূদয় সেপটিক ট্যাংকে নেমে পড়েন। কিন্তু তারও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।